কলকাতা- পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। সেদিনই তাঁর সঙ্গে রাজ্যের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া এবং ক্ষুদিরাম টুডু।
সেদিন কোনও মন্ত্রীরই দপ্তর বন্টন করা হয়নি। তবে সোমবার পশ্চিমবঙ্গে নবগঠিত বিজেপি সরকারের মন্ত্রীসভার প্রথম বৈঠকের পর এই পাঁচ মন্ত্রীর দপ্তর বন্টন করে দিলেন শুভেন্দু অধিকারী।
উত্তরবঙ্গ উন্নয়ন, ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে নিশীথ প্রামাণিককে। দিলীপ ঘোষ রয়েছেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের দায়িত্বে। খাদ্যমন্ত্রী করা হয়েছে অশোক কীর্তনিয়াকে।
নারী ও শিশু কল্যাণ দপ্তর, পুর বিষয়ক মন্ত্রী করা হয়েছে অগ্নিমিত্রা পলকে। ক্ষুদিরাম টুডুকে দেওয়া হয়েছে আদিবাসী উন্নয়ন দপ্তরের দায়িত্ব।
স্বরাষ্ট্র, পুলিশ, অর্থ, স্বাস্থ্য, কৃষি এবং তথ্য ও সম্প্রচার ইত্যাদি অত্যন্ত গুরুত্বপূর্ণ দপ্তরগুলি আপাতত নিজের হাতেই রেখেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
চলতি সপ্তাহে প্রোটেম স্পিকার নির্বাচন এবং বিধায়কদের শপথগ্রহণ সম্পন্ন হওয়ার পর মন্ত্রীসভার আরও সম্প্রসারণ হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রথম দফার দপ্তর বণ্টনে কাউকেই উপমুখ্যমন্ত্রী করা হয়নি। রাজনৈতিক মহলে গুঞ্জন ছিল যে, দিলীপ ঘোষ বা অগ্নিমিত্রা পলের মতো হেভিওয়েট মন্ত্রীদের উপমুখ্যমন্ত্রী করা হতে পারে। কিন্তু বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই পথে হাঁটেননি।
