কলকাতা- ভারতের নির্বাচনী গণতন্ত্রের ইতিহাসে সম্ভবত এক চরম মুহূর্তের অপেক্ষা। এই প্রথম কোনো মুখ্য নির্বাচন কমিশনারকে পদ থেকে সরানোর জন্য লোকসভা ও রাজ্যসভায় আনুষ্ঠানিক প্রস্তাব আনতে চলেছে বিরোধী দলগুলি।
পিটিআই সূত্রে খবর, ‘ইন্ডিয়া’ ব্লকের শরিক দলগুলো ইতিমধ্যেই প্রয়োজনীয় স্বাক্ষর সংগ্রহ সম্পন্ন করেছে।
বিরোধীদের অভিযোগের তির জ্ঞানেশ কুমারের পক্ষপাতদুষ্ট আচরণের দিকে। অভিযোগপত্রে মোট সাতটি গুরুতর চার্জ আনা হয়েছে।
বিরোধী শিবিরের দাবি, চলতি ভোটার তালিকা সংশোধনী প্রক্রিয়াকে শাসকদলের স্বার্থে ব্যবহার করা হচ্ছে। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ থেকেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন এই ইস্যুতে। তাঁর অভিযোগ, পরিকল্পিতভাবে যোগ্য ভোটারদের নাম বাদ দিচ্ছে কমিশন।
নিয়ম অনুযায়ী, লোকসভায় এই প্রস্তাব আনতে অন্তত ১০০ জন এবং রাজ্যসভায় ৫০ জন সাংসদের সই প্রয়োজন। বিরোধীদের দাবি, লোকসভায় ১২০ জন এবং রাজ্যসভায় প্রায় ৬০ জন সাংসদ ইতিমধ্যেই সই করেছেন।
সিইসি-কে অপসারণের পদ্ধতি ঠিক সুপ্রিম কোর্টের বিচারপতির মতোই জটিল। এটি সফল করতে সংসদের উভয় কক্ষেই ‘বিশেষ সংখ্যাগরিষ্ঠতা’ প্রয়োজন। বৃহস্পতিবার বা শুক্রবারের মধ্যেই এই প্রস্তাব জমা পড়তে পারে।
