কলকাতা- বাংলার বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে কড়া মনোভাব দেখাচ্ছে জাতীয় নির্বাচন কমিশন।
সোমবার ফের নজিরবিহীন পদক্ষেপে রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৭৩ জন রিটার্নিং অফিসারকে দায়িত্ব থেকে সরিয়ে দিল কমিশন।
অপসারিত এই আধিকারিকদের বেশিরভাগই মহকুমাশাসক পদে কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে। সরানো হয়েছে ভবানীপুরের আরও-কেও। সেখানে রিটার্নিং অফিসার হয়ে এলেন সুরজিৎ রায়।
কমিশনের জারি করা নির্দেশিকা অনুযায়ী, উত্তর থেকে দক্ষিণ—রাজ্যের একাধিক স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ মহকুমায় নতুন এসডিও নিয়োগ করা হয়েছে। উল্লেখযোগ্য নিয়োগগুলো হল :
- তুফানগঞ্জ: শান্তনু কর্মকার
- জলপাইগুড়ি: নির্মল ঘরামি
- ব্যারাকপুর: যাদব সূর্যভান আচ্ছেলাল
- হাওড়া সদর: বিবেক পঙ্কজ
এছাড়াও বিধাননগর, বারাসত, আলিপুর, ক্যানিং, বারুইপুর, তমলুক, হলদিয়া, দুর্গাপুর এবং আসানসোলের মতো গুরুত্বপূর্ণ শিল্প ও নগর এলাকায় নতুন প্রশাসনিক মুখ নিয়ে আসা হয়েছে।
গত বুধবারই রাজ্যের ১১টি জেলায় নতুন জেলাশাসক নিয়োগের নির্দেশ দিয়েছিল কমিশন। কোচবিহার, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মালদা, মুর্শিদাবাদ এবং দার্জিলিং-এর মতো জেলাগুলোর নির্বাচনী আধিকারিকদের সরিয়ে দেওয়া হয়েছিল।
