কলকাতা- অন্য রাজ্যে পালিয়েও লাভ হল না। পুলিশের জালে তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহরায়।
সরকারি ত্রাণ সামগ্রী চুরি, তোলাবাজি-সহ একাধিক অভিযোগ দায়েরের পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন তিনি। অবশেষে কর্ণাটক থেকে তাঁকে পাকড়াও করল ধনেখালি থানার পুলিশ।
১১ জুন হুগলির ধনেখালিতে রামেন্দু সিংহরায়ের মালিকানাধীন একটি বিএড কলেজে হানা দিয়ে পুলিশ বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার করে।
সরকারি প্রকল্পের ত্রিপল থেকে শুরু করে ত্রাণ সামগ্রী—সব কিছুই প্রাক্তন বিধায়কের ব্যক্তিগত কলেজে মজুত রাখা ছিল। এই ঘটনার পরই তাঁর বিরুদ্ধে চুরি, হুমকি ও তোলাবাজির মতো একাধিক ধারায় মামলা দায়ের হয়।
তদন্তে নেমে ধনেখালি থানার পুলিশ তাঁর মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে নিশ্চিত হয় যে তিনি ভিন রাজ্যে পালিয়েছেন। সেই সূত্র ধরেই কর্ণাটক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বিজেপি প্রার্থীর প্রচার চলাকালীন তাঁর ওপর হামলার অভিযোগও রামেন্দুর বিরুদ্ধে ছিল। এই গ্রেপ্তারি কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং রাজ্যে তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে একের পর এক আইনি পদক্ষেপের একটি অংশ হিসেবে দেখা হচ্ছে।
