কলকাতা- আরজি করের সেই অভিশপ্ত রাত। সেই ঘটনার প্রমাণ লোপাট এবং প্রকৃত অভিযুক্তদের আড়াল করার অভিযোগে এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আতসকাচের নিচে তৎকালীন তিন আইপিএস আধিকারিক।
আরজি কর ফাইলস নতুন করে খোলার পর তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় এবং ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করা হয়েছে।
শুক্রবার সিবিআইয়ের আধিকারিকরা দীর্ঘ কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন ইন্দিরা মুখোপাধ্যায় এবং অভিষেক গুপ্তাকে। তাঁদের কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও সংগ্রহ করা হয়েছে বলে সূত্রের খবর।
তদন্তকারীদের পরবর্তী লক্ষ্য তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল, যাঁকে আগামী সপ্তাহেই তলব করা হয়েছে। তদন্তের মূল উদ্দেশ্য— ঘটনার রাত থেকে শেষকৃত্য সম্পন্ন হওয়া পর্যন্ত সময়কালে ঠিক কী ঘটেছিল এবং ওই আইপিএস আধিকারিকদের ওপর তৎকালীন মুখ্যমন্ত্রী বা কোনো মন্ত্রীর তরফ থেকে কোনো নির্দেশ ছিল কি না, তা খতিয়ে দেখা।
ইতিমধ্যেই সিবিআইয়ের পূর্বাঞ্চলীয় যুগ্ম অধিকর্তার নেতৃত্বে গঠিত বিশেষ তদন্তকারী দল ঘটনার পুনর্নির্মাণ করছে। পাশাপাশি, পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে জেরা করার পাশাপাশি শ্মশানের ইনচার্জ ভোলানাথ পাত্রকেও জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। শ্মশান কর্তৃপক্ষের দাবি, নির্যাতিতার বাবা-মায়ের সম্মতিতেই শেষকৃত্য সম্পন্ন হয়েছিল।
