ইউনেসকোর নাম ভাঁড়িয়ে দুর্গাপুজোর ‘প্রিভিলেজড এন্ট্রি’ টিকিট বিক্রি! ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

কলকাতা- বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। সেই পুজোকে ইউনেসকো হেরিটেজ স্বীকৃতি দেয়। তার পর থেকেই তা নিয়ে নানা মহলে আগ্রহ তুঙ্গে।

সেই স্বীকৃতির সম্মান ও নামকে কাজে লাগিয়ে এক চাঞ্চল্যকর প্রতারণার অভিযোগ সামনে এল। ইউনেসকোর নাম ভাঁড়িয়ে কলকাতার দুর্গাপুজোর ‘প্রিভিউ শো’ এবং ‘প্রিভিলেজড এন্ট্রি’র টিকিট বিক্রির অভিযোগে নাম জড়াল রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিশিষ্ট সংগীতশিল্পী ইন্দ্রনীল সেন এবং তাঁর স্ত্রী মধুছন্দা সেনের।

‘মেঘদূত ফাউন্ডেশন’-এর দুই কর্ণধার জয়দীপ মুখোপাধ্যায় এবং সগুনা মুখোপাধ্যায় কলকাতা পুলিশের কমিশনার, রাজ্য পুলিশের ডিজিপি এবং বৌবাজার থানায় একটি বিস্তারিত লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তদের তালিকায় প্রাক্তন মন্ত্রী ও তাঁর স্ত্রী ছাড়াও রয়েছেন ধ্রুবজ্যোতি বসু (শুভ), সায়ন্তন মৈত্র এবং রাজন চট্টোপাধ্যায়।

অভিযোগকারী সংস্থার দাবি, ইউনেসকোর নাম ব্যবহার করে পুজো মণ্ডপগুলোতে সাধারণ মানুষের ভিড় হওয়ার আগেই ‘প্রিভিলেজড এন্ট্রি’ বা আগাম ঠাকুর দেখার নামে চড়া মূল্যে টিকিট বিক্রি করা হচ্ছিল। অথচ ইউনেসকো স্পষ্টভাবে জানিয়েছে, এই ধরনের কোনও টিকিট বিক্রির সঙ্গে তাদের দূরতম কোনও সম্পর্ক নেই।

অভিযোগের সমর্থনে অভিযোগকারীদের পক্ষ থেকে বেশ কিছু আইনি নথিপত্র এবং দাপ্তরিক ইমেল পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে। যদিও এই অভিযোগ নিয়ে ইন্দ্রনীল বা মধুছন্দার এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। লালবাজার সূত্রে খবর, অভিযোগের গুরুত্ব বিবেচনা করে জমা পড়া নথিগুলি খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *