কলকাতা- শনিবার ঈদের সকালে কোন্নগরে সৌজন্য বিনিময়। তার পরই শুরু হল রাজনৈতিক বাকযুদ্ধ। শনিবার সকালে উত্তরপাড়ার তৃণমূল প্রার্থী তথা নিজের ছেলে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রচারে বেরিয়েছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেখানে বাম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা হলে দু’জনের মধ্যে সৌজন্য বিনিময় হয়। তার পরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে আক্রমণাত্মক মেজাজে কল্যাণ।
মীনাক্ষী মুখোপাধ্যায়কে ‘পরিযায়ী প্রার্থী’ বলে বিঁধলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘একবার এখানে দাঁড়াচ্ছে, একবার ওখানে দাঁড়াচ্ছে এবং হারছে। এবার উত্তরপাড়ায় হারলে পরের বারের জন্য আগেভাগেই জায়গা ঠিক করে রাখুন।’
এখনও উত্তরপাড়ায় বিজেপি প্রার্থীর নাম ঘোষণা না হওয়া নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি কল্যাণপুত্র শীর্ষণ্য। তবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তোপ দাগেন নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে।
তিনি নির্বাচন কমিশনারকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, “আমি জ্ঞানেশ কুমারকে ইনভাইট করছি আপনি উত্তরপাড়ার প্রার্থী হন, আপনাকেও হারিয়ে দেব।”
