কলকাতা- ভোটের হাওয়া বইছে বাংলায়। হাতে গোনা আর মাত্র একটা মাস, তার পরই গণতন্ত্রের উৎসবে সামিল হবেন বঙ্গবাসী।
২৩ এপ্রিল রাজ্যের ১৫২ টি আসনে প্রথম দফায় বিধানসভা ভোট। এই নির্বাচনের ঠিক একমাস আগে থেকেই ঝোড়ো প্রচারে নামছে রাজ্যের শাসক দল।
রাজ্যের দুই প্রান্ত থেকেই প্রচারে নামবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার, ২৪ মার্চ উত্তরবঙ্গ থেকে প্রচার অভিযান শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওইদিন তিনি আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে একটি জনসভা করবেন। জানা যাচ্ছে, সেদিন আরও দুটি সভা করার কথা তাঁর – মাটিগাড়া ও ময়নাগুড়ি।
একই দিনে দক্ষিণবঙ্গেও প্রচার শুরু করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় তাঁর প্রথম জনসভাটি অনুষ্ঠিত হতে পারে। এই প্রচার অভিযানের মাধ্যমে তৃণমূল কংগ্রেস রাজ্যের প্রতিটি কোণায় নিজেদের বার্তা পৌঁছতে এবং বিজেপির মোকাবিলা করতে প্রস্তুত হচ্ছে।
সূত্রের খবর, রবিবার নিজের কেন্দ্র ভবানীপুরে কর্মীসভা শেষ করেই সরাসরি উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৩ এপ্রিল উত্তরবঙ্গের সবকটি জেলায় নির্বাচন, তাই হাতে মাসখানেক সময় রেখেই জোরকদমে প্রচারে নামছেন তিনি।
আগামী মঙ্গলবার একই দিনে তিনটি বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক মহলের মতে, উত্তরবঙ্গের কিছু এলাকা এখনও বিজেপির শক্ত ঘাঁটি হলেও ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পর সেখানে ঘাসফুল শিবির নিজেদের জমি অনেকটাই পুনরুদ্ধার করেছে। সেই ধারা বজায় রেখে বিজেপিকে ধরাশায়ী করতে এবার খোদ নেত্রীই ময়দানে ঝাঁপিয়ে পড়ছেন।
অন্যদিকে, দক্ষিণবঙ্গ থেকে প্রচারের ঝড় তুলবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ২৪ মার্চ দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় জনসভার মধ্য দিয়ে তাঁর প্রচার শুরু হচ্ছে। পরদিন, ২৫ মার্চ মেদিনীপুর ও নন্দীগ্রামে তাঁর একাধিক কর্মসূচি রয়েছে। ওইদিন প্রথমে দাসপুর, তারপর কেশিয়াড়ি ও নারায়ণগড়ে প্রার্থীদের সমর্থনে প্রচার সেরে নন্দীগ্রামে কর্মীসভা করবেন তিনি।
