আইনজীবী হয়ে কালিয়াচকের হিংসাত্মক আন্দোলনে উসকানি! কে এই মোফাক্কেরুল ইসলাম?

কলকাতা- ভোটার তালিকায় নাম বাদ যাওয়াকে কেন্দ্র করে এসআইআর (SIR) বা ভোটার সংশোধনী প্রক্রিয়া নিয়ে উত্তপ্ত হয়ে উঠল মালদহ।

গত পরশু রাতে কালিয়াচক ও সুজাপুর এলাকায় তৈরি হয় এক বেনজির পরিস্থিতি। বিক্ষোভের জেরে রাতভর আটকে রাখা হয় সাতজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে।

এই ঘটনার রেশ গড়ায় জাতীয় নির্বাচন কমিশন পর্যন্ত। পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হওয়ায় রাজ্যের মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবকে শোকজ করার পাশাপাশি মালদহের ডিএম ও এসপি-র বিরুদ্ধেও কড়া পদক্ষেপ করেছে কমিশন।

সূত্রের খবর, গত পরশু রাতে কালিয়াচকে বিক্ষোভকারীরা বিচারকদের গাড়ি ঘিরে ধরে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। প্রায় সারারাত গাড়ির ভেতরেই বন্দি থাকেন সাতজন বিচার বিভাগীয় আধিকারিক।

শেষমেশ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী গিয়ে তাঁদের উদ্ধার করে। অভিযোগ, উদ্ধার করে নিয়ে যাওয়ার সময়ও বিচারকদের লক্ষ্য করে ব্যাপক ইটবৃষ্টি করা হয়। ঘটনায় রীতিমতো আতঙ্কিত বিচারকরা।

এই নজিরবিহীন অশান্তির জেরে পুলিশ ইতিমধ্যেই মোথাবাড়ির আইএসএফ (ISF) প্রার্থী শাহজাহান আলী কাদরী-সহ মোট ৩৫ জনকে গ্রেফতার করেছে। ধৃতদের মধ্যে রয়েছেন কলকাতা হাইকোর্টের আইনজীবী মোফাক্কেরুল ইসলাম।

সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে তাঁকে বলতে শোনা যাচ্ছে, “এই ডিএম, এসপি, আইবি, সিআইডি কে আছিস রে ভাই… আমরা রোজা করার লোক, পেটে গামছা বেঁধে শুয়ে পড়ব। এটা নিজেদের ছেলেমেয়েদের বাঁচানোর আন্দোলন।”

কে এই মোফাক্কেরুল ইসলাম?

জানা গিয়েছে, মোফাক্কেরুল ইসলাম আসাদউদ্দিন ওয়াইসির দল এআইএমআইএম (AIMIM)-এর সক্রিয় সদস্য। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে উত্তর দিনাজপুরের ইটাহার কেন্দ্র থেকে তিনি মিমের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ইটাহারের বাসিন্দা হলেও কর্মসূত্রে তিনি কলকাতায় থাকেন।

প্রশ্ন উঠছে, মালদহের বাসিন্দা না হয়েও কেন তিনি কালিয়াচকে গিয়ে বিক্ষোভের নেতৃত্ব দিলেন? এর নেপথ্যে কোনো সুগভীর ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *