কলকাতা- হুগলীর কোন্নগরের জোড়াপুকুর মাঠে তৃণমূল প্রার্থী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে আয়োজিত জনসভ। সেখানে মেজাজ হারালেন মমতা।
পুলিশকে কড়া ভাষায় সতর্ক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সভা শুরু করার আগে প্রায় ৬ মিনিট বক্তব্য বন্ধ রাখেন তিনি। এরপর কার্যত হুঙ্কারের সুরে পুলিশকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘পুলিশ ভাইয়েরা, আমার কি সময়ের দাম নেই? আপনাদের এত সক্রিয় হওয়ার দরকার নেই।’
তীব্র গরমে কর্মী-সমর্থকদের রোদ থেকে ছায়ার দিকে সরিয়ে আনার সময় মেজাজ হারান তৃণমূল সুপ্রিমো। তিনি জানান, ভোটের দিন গরমে চারজন মারা গিয়েছেন। ফলে পুলিশের অতি-সক্রিয়তার কোনও প্রয়োজন নেই।
সাধারণ মানুষকে সভাস্থলে ঢোকানোর শ্লথ গতি নিয়েও বিরক্তি প্রকাশ করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘এক-একজন করে ঢোকাচ্ছেন। আমার টাইমের দাম নেই বুঝি? আমার আরও মিটিং আছে।’’
নিজের নির্বাচনী কেন্দ্রের উদাহরণ টেনে তিনি আরও যোগ করেন, ‘‘পরশু তো আমার বিধানসভা ভবানীপুরেও এক কর্মীকে পিটিয়েছে।’’ পুলিশের ভূমিকা নিয়ে প্রকাশ্য জনসভা থেকে নিজের ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী।
