কলকাতা – নির্বাচনের আবহে এবার শাসক-বিরোধীর বাগযুদ্ধের কেন্দ্র কলকাতার ঐতিহ্যবাহী যাদবপুর বিশ্ববিদ্যালয়।
শুক্রবার যাদবপুরের নির্বাচনী জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই বিশ্ববিদ্যালয় নিয়ে একাধিক কড়া মন্তব্য করেন। পালটা দিয়ে সামাজিক মাধ্যমে দীর্ঘ পোস্ট করে প্রধানমন্ত্রীর পদের ‘মর্যাদা’ এবং ‘মেধা’র অবমাননা নিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন যাদবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রী অভিযোগ করেন, ক্যাম্পাসের ভেতরে ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে। তিনি বলেন, ‘‘যাদবপুরের ক্যাম্পাসের ভিতরে হুমকি দেওয়া হচ্ছে। দেওয়ালে দেশবিরোধী কথাবার্তা লেখা হচ্ছে। ছাত্রদের মিছিলে হাঁটতে বাধ্য করা হচ্ছে, পড়াশোনা হচ্ছে না। আমরা বিশ্ববিদ্যালয়কে বাঁচাতে চাই।’’
প্রধানমন্ত্রীর এই বক্তব্যের জবাবে অত্যন্ত ব্যথিত হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদিকে প্রশ্ন করেন, দেশের অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের মেধাবী পড়ুয়াদের সম্পর্কে এই ধরনের মন্তব্য কি শোভনীয়? তিনি মনে করিয়ে দেন, কেন্দ্রীয় সরকারের নিজস্ব ‘এনআইআরএফ’ র্যাঙ্কিংয়েই যাদবপুর প্রতি বছর শ্রেষ্ঠত্বের প্রমাণ দেয়। মুখ্যমন্ত্রী লেখেন, “মেধার ভিত্তিতে স্থান করে নেওয়া শিক্ষার্থীদের এই অবমাননা অত্যন্ত দুর্ভাগ্যজনক। প্রতিবাদের কণ্ঠস্বর তোলা মানেই অরাজকতা নয়।”
