‘বাদ পড়া ভোটারদের নাম তুলতে ট্রাইব্যুনালে যাব’, মতুয়াগড়ে বড় আশ্বাস মমতার

কলকাতা- মঙ্গলবার বনগাঁয় নির্বাচনী সভা থেকে তীব্র ভাষায় বিজেপিকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এসআইআর-এ বাদ যাওয়া ৯০ লক্ষের মধ্যে সুপ্রিম কোর্টে মামলা করে ৩২ লক্ষ নাম পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে এবং বাকি প্রায় ৩২ হাজার নামও নির্বাচনের আগেই ভোটার তালিকায় তোলা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

এসআইআর-এ নাম বাদ যাওয়ার প্রসঙ্গে তুলে মুখ্যমন্ত্রী মতুয়াদের বিরুদ্ধে বিজেপির চক্রান্তের কথা তুলে ধরেন। এদিন তিনি বনগাঁ উত্তর ও বনগাঁ দক্ষিণের তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস ও ঋতুপর্ণা আঢ্যর সমর্থনে নির্বাচনী প্রচার সারেন।

নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা আগেই সভা শুরু করেন তৃণমূল নেত্রী। মঞ্চে উঠেই সাধারণ মানুষ ও দলীয় কর্মীদের কাছে ক্ষমা চেয়ে নেন। জানান, খারাপ আবহাওয়ার কারণে একাধিক সভায় যোগ দিতে হেলিকপ্টারে যাতায়াতের জন্য সময় এগিয়ে আনতে হয়েছে।

সভা শুরুর পর থেকেই বিজেপির বিরুদ্ধে একের পর এক অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। নিশানা করেন নির্বাচন কমিশনকে। বলেন, “এসআইআর-এর নামে প্রায় ৯০ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে মামলা করে ৩২ লক্ষ নাম পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। বাদ পড়া ভোটারদের নাম তুলতে ট্রাইব্যুনালে যাব। বাকি নামও নির্বাচনের আগেই ফেরানো হবে।” তৃণমূল নেত্রী বলেন, “মতুয়া থেকে শুরু করে হিন্দু-মুসলিম, সবাইয়ের পাশে আমরা আছি।”

ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত প্রসঙ্গ টেনে তিনি সাধারণ মানুষকে সতর্ক করে বলেন, “ভোটের সময় কেউ যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট চায়, ভুলেও দেবেন না। কালো টাকা ঢুকিয়ে পরে ইডি-সিবিআই পাঠানো হতে পারে।”
 
ভোটে বাধা এলে কী করতে হবে? সেই প্রসঙ্গে মমতা বলেন, “সোনার ঝাড়ু নয়, বাড়ির ঝাড়ু দিয়েই রাস্তা পরিষ্কার করে দিন। ওদের বিশ্বাস করা আর গোখরা সাপকে বিশ্বাস করা একই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *