কলকাতা- ভারত-বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশকারীদের সমস্যা। তা মোকাবিলায় বিএসএফ একটি অভিনব পরিকল্পনা তৈরি করছে।
একাধিক রিপোর্টে জানানো হয়েছে, ভারত-বাংলাদেশ সীমান্তের নদী ও জলাভূমি অঞ্চলে অনুপ্রবেশ রোধ করতে বিএসএফ সাপ ও কুমির ছাড়ার সম্ভাবনা নিয়ে আলোচনা করছে।
তবে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক আদেশ জারি করা হয়নি। সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদন অনুযায়ী, বিএসএফের অভ্যন্তরীণ যে বার্তা দেওয়া হয়েছে, তাতে বলা হয়েছে যে ভারত-বাংলাদেশ সীমান্ত বরাবর নদী ও জলপথে কুমির, সাপের মতো সরীসৃপ প্রাণী ব্যবহার করা যায় কিনা, তা খতিয়ে দেখতে হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশেই সেই পদক্ষেপ করা হয়েছে বলে খবর।
উল্লেখ্য, প্রায় ৪,০৯৬ কিলোমিটার দীর্ঘ ভারত-বাংলাদেশ সীমান্তের প্রায় ১৭৫ কিলোমিটার অংশ নদী ও জলাভূমি অঞ্চলে পড়ে। কড়া নজরদারি সত্ত্বেও অনুপ্রবেশ, চোরাচালান এবং অন্যান্য অবৈধ কার্যকলাপ রোধ করা বেশ কঠিন হয়ে পড়ে। সেই পরিস্থিতিতে নয়া ভাবনাচিন্তা করা হচ্ছে বলে একাধিক রিপোর্টে জানানো হয়েছে।
