‘ওদের চামড়া ছাড়িয়ে…!’ ডোমকলে বিরোধীদের চরম হুঁশিয়ারি তৃণমূল প্রার্থী হুমায়ুন কবিরের, প্রবল বিতর্ক

কলকাতা- ভোটের উত্তাপ! ভোটের মুখে রাজনৈতিক পারদ যখন তুঙ্গে, তখন এক চরম বিতর্কিত মন্তব্য করে শোরগোল ফেলে দিলেন মুর্শিদাবাদের ডোমকলের হেভিওয়েট তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন আইপিএস আধিকারিক হুমায়ুন কবির।

রবিবার একটি কর্মীসভা থেকে বিরোধীদের উদ্দেশ্যে তিনি এমনই এক ‘নিদান’ দিলেন, যা নিয়ে গোটা জেলাজুড়ে ব্যাপক রাজনৈতিক তরজা শুরু হয়েছে।

রবিবার ডোমকলে আয়োজিত তৃণমূলের একটি কর্মীসভায় বক্তব্য রাখতে গিয়ে রীতিমতো বিস্ফোরক মেজাজে দেখা যায় শাসক দলের এই প্রার্থীকে।

দলীয় কর্মীদের উদ্দেশে তিনি স্পষ্ট জানান, বিরোধীরা কোনো সমস্যা করলে কর্মীরা যেন নিজেরা আইন হাতে তুলে না নেন। তার বদলে তাঁকে খবর দেওয়া হয়।

তিনি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, “কোনও ভাবেই বিরোধী লোকজন যদি আমাদের কর্মীদের কিছু বলে বা মারে, তাহলে আপনারা মারবেন না। আমাকে ফোন করবেন কিংবা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। আমি গিয়ে এমন মার মারব, ওর পেছনের চামড়া ছাড়িয়ে ডুগডুগি তৈরি করে ওর বাড়ির সামনে বাজিয়ে আসব।”

নির্বাচনের আগে একজন দায়িত্বশীল প্রার্থীর মুখে এহেন মন্তব্যকে ঘিরে তীব্র সমালোচনা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *