কলকাতা- ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসার প্রসঙ্গ টেনে ফলতার মাটিতে দাঁড়িয়ে এবার কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে দলীয় প্রার্থী দেবাংশু পণ্ডার সমর্থনে আয়োজিত এক বিশাল জনসভা থেকে তৃণমূলের ‘জাহাঙ্গির’ এবং নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তিনি।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “২০২১ সালে ভোট-পরবর্তী হিংসায় ১৯ জনকে নটোরিয়াস ক্রিমিনাল ঘোষণা করেছিল মানবাধিকার কমিশন। তার মধ্যে ভাইপোর জাহাঙ্গির ছিল। ওর ব্যবস্থা করব। আমার উপর ছেড়ে দিন সেই দায়িত্ব।”
একইসঙ্গে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কড়া বার্তা দিয়ে তিনি যোগ করেন, “গুন্ডামি করতে দেব না। নিশ্চিন্ত থাকুন। সাদা থান বাড়িতে ফেলতে দেব না।”
তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে আক্রমণ করে শুভেন্দু অধিকারী ‘পুষ্পা’ সংলাপে কটাক্ষ ছুঁড়ে বলেন, “ওই ডাকাতটা কোথায়, পুষ্পা না কী যেন নাম। যত অভিযোগ করেছে সাধারণ নির্বাচনের সময়, সবগুলোর বিরুদ্ধে ব্যবস্থা হবে। কোথায় পুষ্পা, কোথায় আপনি? দেখতে পাওয়া যাচ্ছে না।”
আক্রান্ত দলীয় কর্মীদের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন যে তিনি সর্বদা মানুষের সঙ্গে আছেন। তিনি বলেন, “আগে আমি দলের কর্মী। মানুষের কাজ এবং দলের কাজ, দুটোই আমার কাজ। ১৯ তারিখ আমি ১১টার সময় পৌঁছব। ৫টা অবধি ঘুরব। যাঁরা মার খেয়েছেন, তাঁদের রাখবেন, বয়স্কদের প্রণাম করব। ছোটদের কোলাকুলি করব।”
