কলকাতা- বিধানসভা ভোটের আবহে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তৃণমূল কংগ্রেসের।
তাদের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরা-সহ তৃণমূলের সমস্ত প্রথম সারির নেতাদের গাড়িতে তল্লাশি চালানোর জন্য একটি হোয়াটসঅ্যাপ নির্দেশ জারি করেছে কমিশন।
এই অভিযোগ জানিয়ে ইতিমধ্যেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং রাজ্যের সিইও মনোজ আগরওয়ালকে চিঠি দিয়েছে রাজ্যের শাসক দল।
মঙ্গলবার তৃণমূলের তরফে দুটি হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট প্রকাশ করা হয়েছে। ওই চ্যাটে বলা হয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর মাধ্যমে টাকা পাঠানো হতে পারে, তাই তাঁর ও তৃণমূলের অন্যান্য নেতা-মন্ত্রীদের গাড়িতে যেন ‘সারপ্রাইজ তল্লাশি’ চালানো হয়।
নির্দেশিকায় আরও বলা হয়েছে, পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে এই কাজে পর্যবেক্ষকদের সাহায্য করতে হবে এবং কন্ট্রোল রুম থেকে গোটা বিষয়টির ওপর নজরদারি চালানো হবে।
প্রকাশিত স্ক্রিনশটে ‘অভিষেক’ নামের বানান দু’রকম ভাবে লেখা রয়েছে এবং তাঁর নামের সঙ্গে কোনও পদবি নেই। তাঁর স্ত্রীর কথা উল্লেখ থাকলেও সেখানেও নাম লেখা নেই। ফলে এই স্ক্রিনশটটি তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করেই কি না, তা নিয়ে কিছুটা সংশয় থাকলেও তৃণমূল একে সরাসরি ‘রাজনৈতিক প্রতিহিংসা’ হিসেবেই দেখছে।
