‘উনি তো বাংলার লাটসাহেব!’ পয়লা বৈশাখে মুখ্যমন্ত্রীর নিশানায় রাজ্যপাল, হঠাৎ এমন কড়া ভাষায় আক্রমণ কেন?

কলকাতা-  নববর্ষে রাজ্যপাল ও কেন্দ্রের বিরুদ্ধে কড়া মেজাজে ধরা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

উত্তর দিনাজপুরের ইসলামপুর কোর্ট ময়দানের জনসভা থেকে নাম না করে রাজ্যপাল আর এন রবিকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি।

মুখ্যমন্ত্রীর সাফ কথা, বাংলার ‘লাটসাহেব’ উৎসবের দিনে শুভেচ্ছা জানানোর বদলে তাঁকে গালি দিচ্ছেন।

এদিন মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলার লাটসাহেব, সবচেয়ে বড় বাড়িতে যিনি থাকেন— আমি নাম নেব না, তিনি আজ বিবৃতি দিয়েছেন। আজ নববর্ষ, বাংলার মানুষকে অভিনন্দন জানান। তা না করে আমাকে গালি দিয়েছেন।”

রাজ্যে সাম্প্রতিক অশান্তির ঘটনাপ্রবাহ নিয়ে রাজ্যপালের বিবৃতির পালটা দিয়ে মমতা বলেন, “আগে তো অশান্তি হত না। এখন আপনাদের অধীনে আসার পর প্রতিদিন অশান্তি হচ্ছে।’

তাঁর যুক্তি, ভোটের সময় রাজ্যের আইনশৃঙ্খলা এখন নির্বাচন কমিশন ও কেন্দ্রের হাতে রয়েছে, তাই কোনো অপ্রীতিকর পরিস্থিতির দায়ভারও তাদেরই নিতে হবে।

রাজ্যপালের পাশাপাশি এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও কড়া ভাষায় বিঁধেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর পদের প্রতি সম্মান প্রদর্শন করলেও তাঁর দেওয়া বিভিন্ন তথ্য ও প্রতিশ্রুতিকে ‘মিথ্যা’ বলে দাগিয়ে দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *