কলকাতা- মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় কি তাহলে কংগ্রেসে যোগ দিচ্ছেন!
মমতার দিল্লি সফরের পরই রাজনৈতিক মহলে প্রবল জল্পনা তৈরি হয়েছে। এরই মধ্যে বৃহস্পতিবার দিল্লিতে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব দেশের সব রাজ্যের প্রদেশ সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে এক জরুরি বৈঠক ডেকেছে।
একদিনের নোটিসে এই ধরনের বৈঠক ডাকা অত্যন্ত বিরল হওয়ায় জাতীয় রাজনীতিতে নানা সমীকরণ তৈরি হয়েছে।
গত দুদিনে সোনিয়া গান্ধির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাহুল গান্ধির সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ বৈঠকের পর থেকেই রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে।
শোনা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে সর্বভারতীয় স্তরে বড় পদ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়ার প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে।
সাধারণত জাতীয় কোনও বড় সিদ্ধান্ত বা সাংবিধানিক সংকটের আগেই কংগ্রেস এমন জরুরি বৈঠক ডাকে। তাই ওয়াকিবহাল মহলের ধারণা, বৈঠকেই কি তবে মমতা-অভিষেকের যোগদানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে, নাকি কোনো বড় বার্তা দেওয়া হবে—সেটাই এখন দেখার বিষয়।
