কলকাতা- ডিটেনশন ক্যাম্পে যাওয়ার ভয়ে স্বেচ্ছামৃত্যুর আবেদন! ঘটনাটি হুগলি জেলার আরামবাগের।
নথির লড়াই আর পরিচয় হারানোর আশঙ্কায় এবার চরম পথ বেছে নিতে চাইছেন এই এলাকার ছয় বাসিন্দা। এসআইআর প্রক্রিয়ার দরুন ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ায় সোমবার মহকুমা শাসকের দপ্তরে গিয়ে রাষ্ট্রপতির উদ্দেশ্যে স্বেচ্ছামৃত্যুর আবেদন জমা দিলেন তাঁরা।
নজিরবিহীন দৃশ্যের সাক্ষী থাকল আরামবাগ মহকুমা শাসকের দপ্তর। শরীরে নিজেদের যাবতীয় পরিচয়পত্র ও নথি সেঁটে প্রতিবাদী বেশে হাজির হন আরামবাগ পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের ছয় বাসিন্দা।
তাঁদের দাবি, দীর্ঘকাল এই দেশে বসবাস করার পর হঠাৎ করেই তালিকা থেকে তাঁদের নাম বাদ দেওয়া হয়েছে।
আবেদনকারীদের অভিযোগের মূল সুরটি হল— “ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মৃত্যু ভালো।” ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় তাঁরা আশঙ্কা করছেন, তাঁদের ডিটেনশন ক্যাম্পে পাঠানো হতে পারে।
আবেদনকারীদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য নাম তাইবুন্নেসা বেগম। তিনি গোঘাট ভগবতী বালিকা বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষিকা। দীর্ঘ ৩৪ বছর সরকারি পরিষেবা দিয়েছেন তিনি। তাঁর স্বামী আরামবাগ গার্লস কলেজের অধ্যক্ষ।
তৃণমূলের দাবি, সাধারণ মানুষের নাগরিক অধিকার রক্ষার লড়াইয়ে তারা পাশে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় নীতির কারণেই সাধারণ মানুষ আজ আতঙ্কিত। অপরদিকে গেরুয়া শিবিরের মতে, এটি তৃণমূলের একটি পরিকল্পিত ভয়ের রাজনীতি।
