‘গণতন্ত্র নয়, ভয় দেখানো হচ্ছে’, আইপ্যাক ডিরেক্টরের গ্রেপ্তারিতে কেন্দ্র-কমিশনকে নিশানা অভিষেকের

কলকাতা- ভোটকুশলী সংস্থা আইপ্যাকের অন্যতম ডিরেক্টর তথা সহ-প্রতিষ্ঠাতা ভিনেশ চান্ডেলকে গ্রেপ্তার করেছে ইডি। পশ্চিমবঙ্গের কয়লা পাচার মামলায় তিনি গ্রেপ্তার হয়েছেন।

ভিনেশের গ্রেপ্তারির ঘটনায় এবার কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনকে একযোগে আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে তীব্র ক্ষোভ উগরে দিয়ে তিনি একে ‘ভয়ের রাজনীতি’ বলে কটাক্ষ করেছেন।

বাংলার ভোটের আর মাত্র ১০ দিন বাকি। তার ঠিক আগেই ইডির হাতে আইপ্যাক ডিরেক্টরের গ্রেপ্তারি নিয়ে একটি দীর্ঘ পোস্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘আইপ্যাকের এর সহ-প্রতিষ্ঠাতা ভিনেশ চান্ডেলের গ্রেপ্তার শুধু উদ্বেগজনকই নয়, এটি সকলের জন্য সমান সুযোগের ধারণাকেই নাড়িয়ে দেয়। যে সময়ে পশ্চিমবঙ্গের অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া উচিত, সেই সময়ে এই ধরনের পদক্ষেপ একটি ভীতিকর বার্তা দেয়। যদি আপনি বিরোধী দলের সঙ্গে কাজ করেন, তবে আপনার পালাও আসতে পারে। এটা গণতন্ত্র নয়—এটা ভীতি প্রদর্শন!’

এরপরই নির্বাচন কমিশন থেকে শুরু করে কেন্দ্রীয় এজেন্সিগুলির বিরুদ্ধে বিজেপির পক্ষপাতিত্বের অভিযোগ তুলে সরব হন অভিষেক। তিনি লেখেন, ‘যখন গণতন্ত্র রক্ষার জন্য গঠিত প্রতিষ্ঠানগুলি চাপের কাছে নতিস্বীকার করতে শুরু করে, তখন বিশ্বাস ক্ষয় হতে শুরু করে। একদিকে নির্বাচন কমিশন। অন্যদিকে ইডি, এনআইএ, সিবিআই-এর মতো সংস্থাগুলি সবচেয়ে সংবেদনশীল সময়ে হস্তক্ষেপ করছে। এটি ন্যায্যতার নয়, ভয়ের পরিবেশ তৈরি করে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *