কলকাতা- বিজেপি পশ্চিমবঙ্গকে তিন টুকরো করার পরিকল্পনা করছে বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বাঁকুড়ার ছাতনার শালচুড়া ফুটবল মাঠের জনসভা থেকে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো বলেন, ‘ডিলিমিটেশনের মাধ্যমে ওরা বাংলার কিছু জেলাকে বিহার এবং ওড়িশার সঙ্গে মিশিয়ে দিতে পারে। আমাদের মানুষের উপর তখন আরও বেশি অত্যাচার হবে। আমাদের সরকার ডিটেনশন ক্যাম্প তৈরি করতে দেবে না। আমরা এনআরসি কার্যকর করতে দেব না। বিহারে ওরা প্রথমে ভোটারদের নাম বাদ দিয়েছে। এখন ওরা বলছে, এই মানুষগুলো রেশন পাবে না। তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হচ্ছে।’
মুখ্যমন্ত্রী বলেন, ‘মনে রাখবেন ১৫ তারিখে ওরা ডিলিমিটেশন বিল নিয়ে আসছে। এর মানে জানেন? ওরা নিজেদের স্বার্থে বাংলাকে ভাগ করতে চায়। ওরা বোঝে না যে মানুষ অনেক কিছু ভাবে, কিন্তু হয় সেটাই যা ওপরওয়ালা চান।’
সেইসঙ্গে মুখ্যমন্ত্রী দাবি করেন, ‘এই নির্বাচন হল মরণপণ লড়াই। আমি বিজেপি এবং অন্যান্য দলের ভোটারদের কাছে অনুরোধ করব, যাতে তাঁরা অন্য কোনও দলকে ভোট না দেয়। এসআইআরের নামে বিজেপি বাংলার সঙ্গে প্রতারণা করেছে। ভয় দেখিয়ে এবং হুমকি দিয়ে ৯০ লাখ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে।’
