কলকাতা- ২০২৬-এর বিধানসভা নির্বাচনে উত্তর দমদম কেন্দ্রের প্রার্থী হিসেবে তাঁর জমা দেওয়া হলফনামা এখন সোশ্যাল মিডিয়া থেকে রাজনৈতিক মহল—সর্বত্র আলোচনার কেন্দ্রে। যে ‘সর্বহারা’র লড়াইয়ের কথা সিপিআইএম চিরকাল বলে এসেছে, দীপ্সিতার হলফনামায় যেন সেই ভাবমূর্তিরই এক প্রতিফলন দেখা যাচ্ছে।
২০০৮ সালে মাধ্যমিক এবং ২০১৩ সালে স্নাতক স্তর পেরিয়ে ২০১৯-এ স্নাতকোত্তর সম্পন্ন করেন দীপ্সিতা। এরপর আন্দোলনের ব্যস্ততার মাঝেই চালিয়ে গিয়েছেন গবেষণা। হলফনামা অনুযায়ী, ২০২৫ সালেই সমাজ বিজ্ঞান শাস্ত্রে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন তিনি। উচ্চশিক্ষিত এই তরুণীর ঝুলিতে ডিগ্রির সংখ্যা একাধিক হলেও, আয়ের ভাঁড়ার কিন্তু কার্যত শূন্য। হলফনামায় তিনি জানিয়েছেন, বর্তমানে তিনি কোনও পেশার সঙ্গে যুক্ত নন।
মনোনয়ন পেশের সময় তাঁর হাতে নগদ ছিল মাত্র ১০ হাজার টাকা। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তিনটি অ্যাকাউন্ট মিলিয়ে তাঁর মোট গচ্ছিত অর্থের পরিমাণ ৬ লক্ষ টাকার কিছু বেশি। এর মধ্যে একটি অ্যাকাউন্টে ৫ লক্ষ ৮৮ হাজার ৪৬৪ টাকা থাকলেও অন্য দুটিতে রয়েছে যথাক্রমে ১৯ হাজার ১৭৫ টাকা এবং মাত্র ৭৮২ টাকা। এছাড়া প্রায় ১ লক্ষ টাকার একটি বিনিয়োগ রয়েছে তাঁর। সব মিলিয়ে তাঁর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ৭ লক্ষ ৮৪ হাজার ৪২১ টাকা। উল্লেখ্য, তাঁর কোনও ধারদেনা বা ঋণ নেই।
