কলকাতা- বিধানসভা নির্বাচনের আগে বাংলার সংবাদমাধ্যমের কর্মীদের জন্য বড়সড় সামাজিক সুরক্ষার প্রতিশ্রুতি দিল বিজেপি।
শনিবার রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য ঘোষণা করেছেন, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে যোগ্য সাংবাদিকদের জন্য মাসিক ৫ হাজার টাকা ভাতার ব্যবস্থা করা হবে।
শমীক ভট্টাচার্যের দাবি, বর্তমান সরকারের আমলে সুযোগ-সুবিধা কেবল একটি নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ থাকে। অনেক সাংবাদিক অত্যন্ত প্রতিকূল ও আর্থিক অনটনের মধ্যে কাজ করছেন। বিজেপি ক্ষমতায় এলে কোনও পক্ষপাতিত্ব ছাড়াই এই মাসিক ভাতা প্রদান করা হবে।
ভারতবর্ষের একাধিক রাজ্যে সাংবাদিকদের জন্য পেনশন বা ভাতার ব্যবস্থা আগে থেকেই চালু রয়েছে। হরিয়ানায় সাংবাদিকদের মাসিক ১০ হাজার টাকা পেনশন দেওয়া হয়। রাজস্থান ও উত্তরপ্রদেশে প্রবীণ সাংবাদিকদের জন্য বিশেষ পেনশন ও সামাজিক সুরক্ষা প্রকল্প রয়েছে এবং অসম ও তামিলনাড়ুতে সাংবাদিকদের এককালীন ও মাসিক আর্থিক সহায়তার সুবিধা দেওয়া হয়।
