‘ভবানীপুরে আমার নমিনেশন বাতিলের চেষ্টা করেছিল’, মারাত্মক চক্রান্তের অভিযোগ মমতার

কলকাতা- কমিশন ও বিজেপিকে একযোগে তুলোধনা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার কেশিয়াড়ির জনসভাতেও তার ব্যতিক্রম হল না।

এবার বড় অভিযোগ করলেন মমতা। তাঁর দাবি, ভবানীপুর কেন্দ্রে তাঁর মনোনয়ন বাতিলের চক্রান্ত হয়েছিল!

এবারও ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী মমতা ব্যানার্জি। গত বুধবারই তিনি মনোনয়ন দাখিল করেছেন। এদিন নিজের মনোনয়ন বাতিল নিয়ে চক্রান্তের অভিযোগ তোলেন তৃণমূল নেত্রী।

মমতা বলেন, “ভোটের মাঝেই আসন পুনর্বিন্যাস বিল আনা হয়েছে। এটা কত বড় অন্যায় ভাবুন! আমি যাতে ভোটে দাঁড়াতে না পারি, তার জন্যই এই চক্রান্ত করেছিল বিজেপি। আমার ভোট কেন্দ্রে নমিনেশন কাটবার জন্য ওই গদ্দাররা আমার নামে দু’টো মিথ্যে এফিডেভিড করে আমার নমিনেশন ক্যান্সেল করার চেষ্টা করেছিল।” 

শনিবারের কেশিয়াড়ির সভা থেকে তৃণমূল নেত্রীর সফা কথা, “যদি আমার উপরই এমন অত্যাচার হয় , তাহলে বুঝতে পারছেন আপনাদের উপর কী হতে পারে। এসআইআর একটা বড় স্ক্যাম। বিজেপিকে ক্ষমতায় আনার জন্য এটা একটা প্রচেষ্টা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *