ভোট গণনার দিন বড় কারচুপির আশঙ্কা? তৃণমূল কর্মীদের কী নিদান দিলেন মমতা?

কলকাতা- ভোটের প্রচার যত এগোচ্ছে, ততই সুর চড়াচ্ছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

হাওড়ার উলুবেড়িয়ার জনসভা থেকে এবার সরাসরি কেন্দ্রীয় সংস্থা এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বিস্ফোরক অভিযোগ তুললেন তিনি।

ভোটগণনার দিন এবং ইভিএমের নিরাপত্তা নিয়ে তাঁর মন্তব্য রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল ফেলে দিয়েছে।

৪ মে ভোটগণনা। মমতার কথায়, কমিশন ইচ্ছে করে ‘স্লো পোলিং’ এবং ‘স্লো কাউন্টিং’ করার পরিকল্পনা করেছে। তাঁর দাবি, শুরুতেই রটিয়ে দেওয়া হতে পারে যে তৃণমূল হারছে, কিন্তু তাতে ভয় পাওয়ার কিছু নেই।

কর্মীদের মনোবল চাঙ্গা করতে তিনি বলেন, “সূর্যোদয় বিজেপি দিয়ে হলেও সূর্যাস্ত করবে তৃণমূল। শেষে দেখবেন আমরাই জিতছি এবং আগের চেয়ে বেশি আসনে জিতব।”

রাজ্যে কেন্দ্রীয় সংস্থাগুলোর অতি-তৎপরতা নিয়ে সরব হয়ে মমতা প্রশ্ন তোলেন, কেন কেবল তৃণমূল নেতাদের বাড়িতেই হানা দেওয়া হচ্ছে? তাঁর সাফ কথা, “বিজেপি, কংগ্রেস বা সিপিএমের বাড়িতে তো হানা দেওয়া হয় না! যত দোষ কি শুধু তৃণমূলের?”

এদিন কর্মীদের সতর্ক করে তিনি বলেন, ইভিএমে চিপ ঢুকিয়ে কারচুপি করা হতে পারে। তাঁর নির্দেশ, “মেশিনের প্রতিটি বোতাম টিপে পরীক্ষা করতে হবে। ভিভিপ্যাট ছাড়া ইভিএম পরীক্ষা করা যাবে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *