কলকাতা- তারাতলার ব্রেসব্রিজের নির্মীয়মাণ গোডাউন ছিল মৃত্যুফাঁদ। সেই গাফিলতির মাসুল দিতে হল নিরীহ শ্রমিকদের।
আজ সকালে আচমকাই কাঁপতে শুরু করে গোডাউনের মূল লোহার কাঠামোটি। কী হয়েছে তা দেখতেই উপরে ও নীচে জড়ো হয়েছিলেন বেশ কিছু শ্রমিক। ঠিক সেই মুহূর্তেই তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ে গোটা ছাদ ও ভারী বিম।
মর্মান্তিক ঘটনার পরেই শহরের আবাসন ও নির্মাণ শিল্পের জন্য কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। আগামী ৩১ জুলাই পর্যন্ত গোটা KMC (কলকাতা পুরসভা) এলাকায় সমস্ত ধরনের বাণিজ্যিক ও সন্দেহজনক বহুতলের নির্মাণকাজ সম্পূর্ণ স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন তিনি।
জানা গিয়েছে, গত প্রায় দেড় বছর ধরে ওই বিশাল গুদামটির নির্মাণকাজ চলছিল। আজ সকালে নড়বড়ে Iron Structure-টি পরীক্ষা করতে গিয়েই লোহার চাঁইয়ের তলায় চাপা পড়েন কর্মরত শ্রমিকরা।
এই বিপর্যয়ের কারণ হিসেবে ‘প্ল্যানিংয়ের ত্রুটি’কেই সরাসরি দায়ী করেছেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, গত ১৭ জানুয়ারি, ২০২৬ তারিখে শম্ভুনাথ বেহরা নামক এক ব্যক্তির নামে ওই জমির Building Plan অনুমোদন পেয়েছিল।
মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, আগামী ৩১ জুলাই পর্যন্ত Commercial Construction এবং সন্দেহজনক প্রজেক্টগুলির কাজ পুরোপুরি বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে কলকাতা পুলিশ, দমকল, সিভিল ডিফেন্স, PWD এবং KMDA-এর বিশেষজ্ঞদের নিয়ে গঠিত একটি বিশেষ ‘জয়েন্ট টিম’ প্রতিটি সাইটে গিয়ে পুঙ্খানুপুঙ্খ অডিট করবে। অডিট রিপোর্ট এবং পরিকাঠামো সঠিক বলে প্রমাণিত হলে তারা ১ আগস্ট থেকে ফের কাজ শুরু করার ছাড়পত্র পাবে।
