কলকাতা- তারাতলায় নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে মারাত্মক দুর্ঘটনা। বহু মানুষের আটকে থাকার আশঙ্কা।
বুধবার বেলা ১টা নাগাদ নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে পড়ে। আহতরা অধিকাংশই শ্রমিক বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে।
জানা যায়, ব্রেসব্রিজের কাছে একটি গোডাউন তৈরির কাজ করা হচ্ছিল। হঠাৎই বেশ কিছু লোহার বিম ভেঙে পড়ে। সেই বিমের তলায় বেশ কয়েকজন শ্রমিক আটকে পড়েছেন বলে খবর।
প্রায় সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় দমকল, পুলিশ। আর্থ মুভার, গ্যাসকাটার নিয়ে এসে সেই লোহার বিম সরানোর কাজ শুরু করা হয়েছে। চাপা পড়ে থাকা অবস্থায় অনেকেই বাঁচানোর জন্য চিৎকার করছেন।
ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়েছেন বিজেপি নেতা রাকেশ সিং। তাঁর দাবি, লোহার বিমের ওই কাঠামোর ভিতরে ৫০ থেকে ৬০ জন আটকে থাকতে পারেন। NDRF, দমকল, পুলিশ, সেনাবাহিনীর উদ্ধার কাজ করছে।
