কলকাতা- গ্রেফতার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। দীর্ঘদিন ধরে ভাড়া না দিয়ে বাড়ি দখল করে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ।
তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ ভাড়া চাইতে গেলে বাড়ির মালিককে রীতিমতো হুমকি দিতেন তৃণমূল নেতা। বুধবার জয়প্রকাশ মজুমদার ও তার পরিবারের বিরুদ্ধে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। এরপরই পুলিশ এসে জয়প্রকাশ মজুমদারকে থানায় নিয়ে যায়।
তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার ১৪ বছর ধরে সল্টলেক এই ৩৩৭ ঠিকানার বাড়িটি দখল করেছিলেন বলে অভিযোগ। সেই বাড়িটিকে অফিস হিসেবেও তৈরি করেছিলেন। আইনি নোটিশের পরও তিনি বাড়িটি ছাড়েননি বলে অভিযোগ।
বুধবার বাড়ির মালকিন আরতি রায়চৌধুরী রাস্তার উপরে জয়প্রকাশ মজুমদারকে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং ঘটনাস্থলে বিধাননগর উত্তর থানা এসে পৌঁছে জয়প্রকাশ মজুমদারকে এবং বাড়ির মালকিনকে বিধান নগর উত্তর থানায় নিয়ে আসে। তারপর পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে।
