এক ধাক্কায় ভেঙে ফেলা হল সব কমিটি! সংগঠন বাঁচাতে এবার বড় পদক্ষেপ তৃণমূল শীর্ষ নেতৃত্বের

কলকাতা- দলের অন্দরে ক্রমবর্ধমান কোন্দল এবং বিদ্রোহী বিধায়কদের সক্রিয়তা। এর মাঝেই নজিরবিহীন পদক্ষেপ তৃণমূল কংগ্রেসের। বুধবার তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এক ঝটকায় পশ্চিমবঙ্গের সমস্ত স্তরের দলীয় কমিটি এবং সমস্ত শাখা সংগঠন অবিলম্বে ভেঙে দেওয়ার ঘোষণা করল।

রাজনৈতিক মহলের মতে, বিদ্রোহীদের রাশ টানতে এবং দলের অন্দরে শৃঙ্খলা ফেরাতে এটি এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও কৌশলগত পদক্ষেপ।

এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে দলের তরফে জানানো হয়, গভীরভাবে পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তৃণমূলের স্পষ্ট বার্তা, আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করে তুলতেই এই পদক্ষেপ।

দলের তরফে জানানো হয়েছে, খুব শীঘ্রই প্রতিটি স্তরে দলের কাজের গভীর পর্যালোচনা, আত্মবিশ্লেষণ এবং সাংগঠনিক মূল্যায়ন করা হবে। এই প্রক্রিয়ার রিপোর্টের ওপর ভিত্তি করেই মূল দল এবং সমস্ত শাখা সংগঠনকে নতুন করে ঢেলে সাজানো হবে এবং পরবর্তীতে নতুন সাংগঠনিক কাঠামো ঘোষণা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *